‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে পথে টলিউড, কী জানাল আর্টিস্ট ফোরাম?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে টলিউডে। আউটডোর শুটিং চলাকালীন এই মর্মান্তিক পরিণতির দায় কার, সেই প্রশ্ন তুলে এবার বিচারের দাবিতে সরব হয়েছে গোটা ইন্ডাস্ট্রি। আগামী শনিবার বিকেল চারটের সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত নিশ্চিত করেছেন যে, তাঁদের নেতৃত্বেই এই কর্মসূচি পালিত হবে।
সোশ্যাল মিডিয়ায় এই মিছিলের খবর ছড়িয়ে পড়তেই টলিউডের শিল্পী মহলে ব্যাপক সাড়া মিলেছে। জানা গিয়েছে, এই প্রতিবাদ মিছিলে সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল এবং শ্রীজাতর মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকতে পারেন। যদিও আর্টিস্ট ফোরাম জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে এই মিছিল ডাকেনি, তবে শিল্পীদের ব্যক্তিগতভাবে এতে অংশ নিতে কোনো বাধা নেই। ফোরামের পক্ষ থেকে ইতিমধ্য়েই প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে।
তালসারিতে অভিনেতার মৃত্যুর পর থেকে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। ইউনিট সদস্যদের বয়ান এবং সংস্থার দেওয়া বিবৃতির মধ্যে একাধিক অসঙ্গতি মেলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে বুধবার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয়, যেখানে প্রিয়াঙ্কা সরকারসহ শিল্পীরা একজোট হয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নেন। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা সরকার এই ঘটনায় আইনি পদক্ষেপের পথেও হাঁটতে পারেন।
এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের না হলেও, টলিপাড়া স্পষ্ট করে দিয়েছে যে তারা আর চুপ করে থাকবে না। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানকে সামনে রেখে শনিবারের এই মিছিল আদতে ইন্ডাস্ট্রির ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এই প্রতিবাদের মুখে পড়ে প্রযোজনা সংস্থা কোনো সদুত্তর দেয় কি না এবং প্রশাসন ঠিক কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।
