নির্বাচন কমিশনের অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর কত ভোটারের নাম বাকি

নির্বাচন কমিশনের অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর কত ভোটারের নাম বাকি

নির্বাচন কমিশন অবশেষে অষ্টম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে, যার মাধ্যমে আরও ৩ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এর ফলে এখন পর্যন্ত মোট ৫২ লক্ষেরও বেশি বিচারাধীন ভোটারের নাম প্রক্রিয়াকরণ সম্পন্ন হল। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের মূল প্রক্রিয়া শেষে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন অবস্থায় ছিল। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় আধিকারিকেরা অত্যন্ত তৎপরতার সাথে এই নাম নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন।

অষ্টম তালিকা প্রকাশের পর এখনও ৭ লক্ষের বেশি ভোটারের নাম নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। তবে নির্বাচন কমিশন আশাবাদী যে, কাজের বর্তমান গতি বজায় থাকলে আগামী ৭ এপ্রিলের মধ্যে অবশিষ্ট সমস্ত আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে। এদিকে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ও বিক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে মালদহের সাম্প্রতিক পরিস্থিতি প্রাক্তন বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। অবশ্য যাদের নাম বাদ পড়েছে, তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রাখা হয়েছে এবং সেই প্রক্রিয়া ইতিমদ্যেই শুরু হয়েছে।

রাজ্যের নির্বাচনী সূচি অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল, যার মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল। এই তারিখের মধ্যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে, তারাই প্রথম দফায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ২৯ এপ্রিল ভোট হবে এবং মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল। অর্থাৎ, আগামী ৯ এপ্রিলের মধ্যেই রাজ্যের সামগ্রিক ভোটার সংখ্যা ও তালিকার চূড়ান্ত রূপ পরিষ্কার হয়ে যাবে। স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এই প্রক্রিয়া শেষ করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *