হুগলিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে তীব্র কটাক্ষ সন্তু পানের

হুগলিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে তীব্র কটাক্ষ সন্তু পানের

ভোটের প্রচারের শুরুতেই হুগলিতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী সন্তু পান। প্রচারে বেরিয়ে এলাকায় ‘জর্দা পান’ লেখা দেওয়াল লিখন নজরে আসতেই মেজাজ হারান তিনি। তাঁর দাবি, তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায় হারের ভয়ে ভীত, আর সেই কারণেই তাঁর সমর্থকরা এই ধরনের কুরুচিকর প্রচার চালাচ্ছেন। দেওয়াল লিখন নিয়ে এই রাজনৈতিক তরজার পাশাপাশি আলুচাষীদের ন্যায্য দাম না পাওয়া নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন তিনি। সন্তু পানের অভিযোগ, কৃষকদের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েই এখন দেওয়ালে কুরুচিকর মন্তব্য লিখে টিকে থাকতে চাইছে শাসকদল।

অন্যদিকে, আরামবাগ মহকুমা শাসক কার্যালয় চত্বরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের দিনে প্রশাসনিক গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে ওঠে এলাকা। আগে থেকে নির্ধারিত সূচি থাকা সত্ত্বেও মহকুমা শাসক (এসডিও) কার্যালয়ের সামনে ন্যূনতম ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় কার্যত অচল হয়ে পড়ে আরামবাগ শহর। দীর্ঘ যানজটে আটকে পড়ে সাধারণ মানুষের নাজেহাল দশা হয়, যা প্রশাসনের পরিকল্পনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

এই অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই পর্যাপ্ত পুলিশ থাকা সত্ত্বেও যানজট নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিশৃঙ্খলার মধ্যে বিজেপি প্রার্থী ও বিদায়ী বিধায়করাও চরম হয়রানির শিকার হন। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রার্থীদের একাংশ দাবি করেছেন, মনোনয়ন পর্বের শুরুতেই এই ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। সাধারণ মানুষের দুর্ভোগ এবং প্রশাসনের এই ভূমিকা নিয়ে বর্তমানে সরগরম হুগলির রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *