তীব্র গরমে পুড়বে বাংলা, ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও বৃষ্টির পূর্বাভাস

কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে আবহাওয়ার ভেলকি। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রা দ্রুতহারে বৃদ্ধি পাবে। মূলত শুষ্ক আবহাওয়ার কারণে গরমের পাশাপাশি বাড়বে শারীরিক অস্বস্তি। আগামী শনিবারের মধ্যে কলকাতার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের চিত্রটাও অনেকটা একই রকম; সেখানেও আগামী দুই দিন বৃষ্টির দাপট কমে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে। তবে এই হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তির বার্তা দিচ্ছে রবিবারের পূর্বাভাস।
আগামী রবিবার থেকে আবহাওয়ার ভোলবদল হতে পারে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও সোমবার থেকে বুধবারের মধ্যে ফের বৃষ্টি ফিরতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, এই বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও তার আগে পর্যন্ত তীব্র গরম সহ্য করতে হবে রাজ্যবাসীকে।
