বিজেপির কোকিল এসেছে হায়দরাবাদ থেকে, মালদার অশান্তি নিয়ে বিস্ফোরক মমতা

উত্তরবঙ্গ সফরে ভোটপ্রচারে বেরিয়ে মালদার জনসভা থেকে বিরোধী দল ও ‘বহিরাগত’ শক্তির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার কালিয়াচকের সাম্প্রতিক হিংসার ঘটনা এবং বিচারকদের আটকে রাখার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি আঙুল তুলেছেন হায়দরাবাদ ভিত্তিক দল মিমের দিকে। নাম না করে আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বিজেপির কোকিল’ বলে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার শান্তি নষ্ট করতে বাইরে থেকে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে। মালদার ঘটনায় স্থানীয়দের নির্দোষ দাবি করে মমতা জানান, আসল ষড়যন্ত্রীকে বিমানবন্দর থেকেই সিআইডি গ্রেপ্তার করেছে।
নির্বাচনী আবহে ভোটার তালিকা ও ডিটেনশন ক্যাম্পের ইস্যু তুলে ধরে মুখ্যমন্ত্রী জনগণকে সতর্ক করেন। তিনি অভিযোগ করেন, ভোট কাটাকাটির খেলায় মেতেছে হায়দরাবাদের দল এবং তাদের সহযোগীরা। এনআরসি বা ডিটেনশন ক্যাম্প রুখতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কাকের ঘরেই কোকিল জন্মায়, এদের একটিও ভোট দেবেন না।” কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কংগ্রেসকেও নিশানা করেন তিনি। তবে প্রশাসনিক সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে জানান, বর্তমানে পুলিশ ও প্রশাসন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।
নিজের রাজনৈতিক সততা ও সাধারণ জীবনযাপনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলের কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেন। তিনি স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো বেতন গ্রহণ করেন না এবং নিজেকে একজন ‘মাটির কর্মী’ হিসেবেই গণ্য করেন। যারা ভয় না পেয়ে লড়াইয়ের ময়দানে থাকেন, সেই বিএলএ এবং বুথ স্তরের কর্মীদেরই দলের আসল সম্পদ বলে অভিহিত করেন তিনি। বিজেপিকে বাংলা থেকে বিদায় করার ডাক দিয়ে মমতা বলেন, অহংকারই মানুষের আসল দুর্বলতা, তাই কর্মীদের বিনয়ী থেকে মানুষের পাশে থাকতে হবে।
