কালিয়াচক কাণ্ডে ধৃত মিম প্রার্থী মোফাক্কেরুল ইসলাম, কে এই প্রভাবশালী আইনজীবী ও নেতা?

কালিয়াচক কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় বাংলা। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে এই ঘটনার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই রাজ্য রাজনীতি ও সমাজমাধ্যমে চর্চায় উঠে এসেছেন উত্তর দিনাজপুরের ইটাহারের এই প্রভাবশালী ব্যক্তিত্ব। পেশায় আইনজীবী ৪০ বছর বয়সী মোফাক্কেরুল রায়গঞ্জ আদালত এবং কলকাতা হাই কোর্টে একাধিক মামলা লড়েছেন। দীর্ঘ সময় কলকাতায় আইনচর্চার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়েসির দল ‘মিম’-এর হয়ে ইটাহার কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মোফাক্কেরুল ইসলাম। যদিও ভোটবাক্সে তিনি বিশেষ প্রভাব ফেলতে পারেননি, তবুও এলাকায় এবং সমাজমাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী হিসেবে পরিচিত। মালদহের মোথাবাড়ি কাণ্ডে জনতাকে উসকানি দেওয়া এবং এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার তাঁকে জালে তুলল পুলিশ। উত্তরবঙ্গের এডিজি কে জয়রামণ জানিয়েছেন, এই ঘটনায় মোট ১৯টি মামলা দায়ের হয়েছে এবং মোফাক্কেরুল সহ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের সময় মোফাক্কেরুলের শরীরী ভাষায় কোনো অনুশোচনা দেখা যায়নি। গ্রেপ্তারের আগে সমাজমাধ্যমে ‘আপনারা ভালো থাকুন’ লিখে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই আইনি পদক্ষেপ নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। পোরসা হাটখোলার বাসিন্দা এই আইনজীবীর গ্রেপ্তারির পর মালদহ ও উত্তর দিনাজপুরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বিমানবন্দরে তাঁর উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পরপরই বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বর্তমানে অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার মূল ষড়যন্ত্র ও উসকানির নেপথ্যে থাকা অন্যান্য তথ্যের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
