নাম বাদ পড়লে ট্রাইবুনালে কীভাবে আবেদন করবেন? অনলাইন ও অফলাইন প্রক্রিয়া জানাল নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা কাটাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এখন থেকে বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে কমিশন জানিয়েছে, মূলত যাঁদের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল এবং পরবর্তীতে বাদ পড়েছে, তাঁরাই এই পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির লক্ষ্য নেওয়া হয়েছে।
আবেদনকারীরা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই অভিযোগ জানাতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য ভোটারদের কমিশনের নির্দিষ্ট পোর্টালে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্স ফর ইন্ডিভিজ়ুয়াল্স’ ট্যাবে ক্লিক করতে হবে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র বিবেচনাধীন তালিকাভুক্ত ব্যক্তিরাই এখানে আবেদনের যোগ্য; বাইরে থেকে নতুন কেউ এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এছাড়া, তালিকায় কোনো নামের অন্তর্ভুক্তিতে আপত্তি থাকলেও এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে তা জানানো যাবে।
অফলাইন পদ্ধতিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে যেতে হবে। আবেদনকারীকে একটি সাদা কাগজে নিজের বক্তব্য এবং ভোটার কার্ডের নম্বর (এপিক নম্বর) স্পষ্ট করে লিখে জমা দিতে হবে। কোনো নির্দিষ্ট নামকে চ্যালেঞ্জ করতে হলে সেই ব্যক্তির এপিক নম্বরও উল্লেখ করা বাধ্যতামূলক। অফলাইনে জমা পড়া এই আবেদনগুলো পরবর্তীতে আধিকারিকরা অনলাইন পোর্টালে নথিভুক্ত করবেন এবং মূল কপিটি সংরক্ষিত রাখবেন।
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন (RP Act) ও কমিশনের গাইডলাইন মেনে এই সমস্ত আবেদনের নিষ্পত্তি করবেন স্বয়ং জেলাশাসক। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এই নিষ্পত্তিকৃত নামের প্রায় ৪৫ শতাংশ তালিকা থেকে বাদ পড়েছে। সেই সমস্ত বঞ্চিত নাগরিকদের আইনি প্রতিকার দিতেই ট্রাইব্যুনাল প্রক্রিয়া চালু করল কমিশন।
