ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে অমিত শাহকে মালদহ থেকে কড়া চ্যালেঞ্জ মমতার

ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে অমিত শাহকে মালদহ থেকে কড়া চ্যালেঞ্জ মমতার

মালদহের মানিকচকের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী সেইসব মানুষদের মুখোমুখি হোন যাদের নাম ষড়যন্ত্র করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মালদহ, মুর্শিদাবাদ এবং তেহট্টের মতো এলাকায় বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে নাম কাটা হচ্ছে এবং এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি।

তৃণমূল সুপ্রিমো এদিন বিস্ফোরক দাবি করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ফোন করে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন চললেও প্রশাসনিক রদবদলে বাংলাকে আলাদাভাবে টার্গেট করা হয়েছে বলে তাঁর মত। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মোট ৫০৬ জন অফিসারের মধ্যে কেবল বাংলা থেকেই ৪৮৫ জনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর মতে, বিজেপি কোনও নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নয়, বরং তাঁরা দাঙ্গা এবং বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। প্রশাসনিক আধিকারিকদের এই ব্যাপক বদলির জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, গত চার বছর ধরে ১০০ দিনের কাজ এবং গ্রামীণ রাস্তার টাকা আটকে রেখে বাংলাকে জব্দ করার চেষ্টা করছে দিল্লি। রাজ্যকে এই আর্থিক অবরোধের হাত থেকে রক্ষা করতে তিনি সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, নির্বাচন চলাকালীন ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের আটকানো বা মিথ্যে বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হাতিয়ে নেওয়ার মতো চক্রান্ত হতে পারে। তাই সাধারণ মানুষ যাতে নিজেদের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখেন, সেই বিষয়ে তিনি বিশেষভাবে জোর দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *