শর্ত না মানলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া

পরের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের ব্লু-প্রিন্ট এখন থেকেই সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ২০ জন সম্ভাব্য ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই তালিকায় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার থাকা নিয়ে বড়সড় জল্পনা তৈরি হয়েছে। বিসিসিআই সূত্রের খবর, বিশ্বকাপে জায়গা পেতে গেলে হার্দিককে বোর্ডের দেওয়া বিশেষ শর্ত পূরণ করতে হবে, অন্যথায় মেগা টুর্নামেন্টের দল থেকে বাদ পড়তে পারেন তিনি।
বোর্ডের প্রধান শর্ত হলো, হার্দিককে ওয়ানডে ম্যাচে পুরো ১০ ওভার বল করার মতো শারীরিক সক্ষমতা বা ফিটনেস অর্জন করতে হবে। ২০১৯ সালে পিঠের অস্ত্রোপচারের পর থেকেই তাঁর ওয়ার্কলোড নিয়ে দুশ্চিন্তা রয়েছে ম্যানেজমেন্টের। যদিও গত চার মাস ধরে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করতে হার্দিক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক ও বাউন্সি উইকেটে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, তবে দলের প্রয়োজনে ১০ ওভার বল করার চ্যালেঞ্জটি তাঁকে নিতেই হবে।
পরিসংখ্যান অনুযায়ী, হার্দিক তাঁর ক্যারিয়ারের ৮৮টি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ১৮ বার পুরো ১০ ওভার বল করেছেন, যার অধিকাংশই ছিল অস্ত্রোপচারের আগে। সম্প্রতি ইনজুরির কারণে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের দল থেকেও বাদ পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিসিসিআই নির্বাচকরা বিকল্প হিসেবে তরুণ নীতীশ কুমার রেড্ডির দিকেও নজর রাখতে শুরু করেছেন। ফলে ফিটনেস প্রমাণ করে দলে টিকে থাকাই এখন হার্দিকের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।
