৫ কোটি টাকার জমি কাড়ল প্রাণ! স্বামী ও ভাসুরকে খুন করে থানায় আত্মসমর্পণ অঙ্গনওয়াড়ি কর্মীর

মধ্যপ্রদেশের এক নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ এলাকা। পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের স্বামী রাধেশ্যাম ও ভাসুর দিনেশকে গুলি করে হত্যা করেছেন ৩৫ বছর বয়সী সবিতা নামে এক অঙ্গনওয়াড়ি কর্মী। সোমবার সকালে এই জোড়া হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নারী নিজেই হাতে পিস্তল নিয়ে থানায় হাজির হন এবং নিজের অপরাধের কথা স্বীকার করেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হাইওয়ের ধারে প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি নিয়ে সবিতার সঙ্গে তাঁর ভাসুরের দীর্ঘদিনের বিবাদ চলছিল। সবিতার অভিযোগ, ভাসুর দিনেশ ওই জমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করতেন এবং তাঁর প্ররোচনায় স্বামী রাধেশ্যাম নিয়মিত তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সোমবার সকালে ফের বাগবিতণ্ডার এক পর্যায়ে সবিতা বিছানার নিচে লুকিয়ে রাখা পিস্তল বের করে দুজনকে গুলি করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে সাধারণ একজন কর্মী হওয়া সত্ত্বেও সবিতার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র কীভাবে এল এবং তিনি তা ব্যবহারে দক্ষ হলেন কীভাবে, তা নিয়ে তদন্ত চলছে।
