সবংয়ে হুঙ্কার অভিষেকের, ৪ মে তারিখেই হবে অত্যাচারের বদলা!

পশ্চিম মেদিনীপুরের সবংয়ে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হরিজনপল্লিতে এক মহিলা ও তাঁর শিশুর ওপর চড়াও হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী ৪ মে ভোটের ফল ঘোষণার পর প্রতিটি ঘটনার কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদার হলেও তিনি নিজে এতটা উদার নন বলে দাবি করে অভিষেক স্পষ্ট করেন, ওই ঘটনার অভিযুক্তদের নাম তাঁর কাছে রয়েছে এবং ৪ তারিখের পর ওই মহিলা ও তাঁর শিশুর কাছে অপরাধীদের ক্ষমা চাইতে হবে।
বিজেপি প্রার্থী অমল পণ্ডাকে নিশানা করে অভিষেক দাবি করেন, স্বার্থ চরিতার্থ করতে একদল লোক জার্সি পাল্টে এলাকায় অশান্তি ছড়াচ্ছে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর ৪ মে দুপুর ১২টার পর যেন তিনি কলকাতায় থেকে পরিস্থিতি মোকাবিলা করেন। প্রশাসন বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ফল প্রকাশের পর কঠোর আইনি ও রাজনৈতিক পদক্ষেপের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের এই নেতা। অন্যদিকে, তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপি একে সাজানো নাটক এবং প্রচারের স্বার্থে তৈরি ভুয়ো ভিডিও বলে পাল্টা দাবি করেছে।
