সংসদে পা দিলেই ভয় কেন, বিরোধীদের দ্বিচারিতা নিয়ে মোদীর তোপ!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৬ এপ্রিল বিশেষ সংসদীয় অধিবেশনে ১৩১তম সংবিধান সংশোধনী বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে আলোচনার সময় বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বিরোধীদের ‘দ্বিমুখী মানসিকতা’ নিয়ে প্রশ্ন তুলে বলেন, পঞ্চায়েত স্তরে নারীদের সংরক্ষণের বিষয়ে বিরোধীদের আপত্তি না থাকলেও, বিধানসভা ও সংসদের ক্ষেত্রে তারা কেন পিছিয়ে আসে। প্রধানমন্ত্রীর অভিযোগ, কয়েক দশক ধরে বিরোধীরা কেবল কথার জালেই নারীদের আটকে রেখেছে এবং বাস্তবে তাদের ক্ষমতায়ন করতে চায়নি।
দীর্ঘ চার দশক ধরে ঝুলে থাকা নারী সংরক্ষণের বিষয়টিকে ‘অতীতের পাপ ক্ষালনের সুযোগ’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে এই সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। সরকারের দাবি, এটি কোনো করুণা নয়, বরং নারীদের অধিকার। অন্যদিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এই বিলের সাথে যুক্ত আসন সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে আপত্তি প্রকাশ করেছে। এর উত্তরে প্রধানমন্ত্রী বিরোধীদের শব্দের কারসাজি ছেড়ে জাতীয় স্বার্থে এই বিলটিকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
