৩৪ বছরের সংঘাতের অবসান, মধ্যপ্রাচ্যে কি ফিরছে শান্তি?

৩৪ বছর পর ইজরায়েল ও লেবাননের রাষ্ট্রপ্রধানরা সরাসরি আলোচনায় বসতে চলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দশকের পর দশক ধরে চলে আসা দুই দেশের বৈরিতা কাটিয়ে শান্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৯৩ সালের পর এই প্রথম দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ইতিমধ্যেই ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের সাথে প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছেন। এই আলোচনার মূল লক্ষ্য হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি ও দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান। ইজরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছে, অন্যদিকে লেবানন সরকার দ্রুত যুদ্ধবিরতি এবং বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরার বিষয়ের ওপর জোর দিচ্ছে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত রাষ্ট্র হিসেবে বিবেচিত দুই দেশের মধ্যে ট্রাম্পের এই উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় কূটনৈতিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
