একই সঙ্গে ৫ ঘূর্ণাবর্ত! দেশজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা

দেশের ওপর পাঁচটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার কারণে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে উত্তর পাকিস্তান ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এর পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং ওড়িশা উপকূলের ওপর ভিন্ন ভিন্ন ঘূর্ণাবর্ত অবস্থান করায় উত্তর থেকে দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্বাঞ্চলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে ভারতজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ১৮ ও ১৯ এপ্রিল উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ও মধ্য ভারতের রাজ্যগুলোতে আগামী ২২ এপ্রিল পর্যন্ত বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। সমতলের রাজ্যগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
