বিজেপির ছক ফাঁস করলেন রাহুল, মোদী কি চলছেন ট্রাম্পের ইশারায়!

তামিলনাড়ুর রানিপেটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন এবং ট্রাম্পের নির্দেশে এমন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন যা দেশের কৃষক ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর দাবি, গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর আর্থিক লেনদেন এবং কিছু গোপন নথিকে পুঁজি করেই ট্রাম্প মোদীকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছেন।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধী বলেন, মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রধানমন্ত্রী এআইএডিএমকে (AIADMK)-কে ক্ষমতায় এনে তামিলনাড়ুর রাশ নিজের হাতে নিতে চাইছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, ঠিক যে পদ্ধতিতে ট্রাম্প মোদীকে নিয়ন্ত্রণ করছেন, সেই একই কায়দায় মোদী তামিলনাড়ুকে কব্জা করতে চান, তবে রাজ্যের মানুষ এই পরিকল্পনা সফল হতে দেবে না। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে ডিএমকে-কংগ্রেস জোটের বিশাল জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মানুষের শক্তির পরিচয় পাবেন বলেও তিনি মন্তব্য করেন।
