মমতার হারের আতঙ্ক! মিঠুন চক্রবর্তীর তোপে সরগরম রাজ্য রাজনীতি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে শনিবার শিল্পাঞ্চল কুলটি ও দুর্গাপুরে ম্যারাথন রোড শো করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। কুলটি বিধানসভার প্রার্থী ড. অজয় পোদ্দারের সমর্থনে বিশাল বাইক মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দুই প্রার্থীর হয়েও তিনি প্রচার করেন। তীব্র গরম উপেক্ষা করে মিঠুন চক্রবর্তীকে একঝলক দেখতে রাস্তার দুধারে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
এই প্রচার কর্মসূচিকালে মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন যে, তৃণমূল নেত্রী নিজের পরাজয় নিশ্চিত বুঝেই এখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর দোষ চাপাচ্ছেন। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সক্রিয়তা প্রসঙ্গে তিনি জানান, এই সংস্থাগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের নিজস্ব সিদ্ধান্তে কাজ করে। এদিনের রোড শোতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এসএস আহলুওয়ালিয়া।
