বাংলায় পদ্ম ফোটানো কেউ আটকাতে পারবে না!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে প্রচার চালাতে কলকাতায় এসে বিজেপি প্রার্থীদের সমর্থনে জোরালো সওয়াল করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। ১৮ এপ্রিল কামারহাটি ও খড়গপুর সদরে আয়োজিত জনসভায় তিনি যথাক্রমে অরূপ চৌধুরী ও দিলীপ ঘোষের পক্ষে প্রচার চালান। এই সভাগুলোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, বাংলার সাধারণ মানুষ দীর্ঘদিনের রাজনৈতিক কুশাসন থেকে মুক্তি পেতে উন্মুখ হয়ে আছে এবং রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে।
জনসভায় মুখ্যমন্ত্রী মোহন যাদব অভিযোগ করেন যে, বামপন্থী ও তৃণমূল কংগ্রেসের কয়েক দশকের শাসনে পশ্চিমবঙ্গ উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে। বেকারত্ব, দারিদ্র্য এবং সাধারণ মানুষের ভিন রাজ্যে কাজের সন্ধানে চলে যাওয়ার মতো বিষয়গুলো তুলে ধরে তিনি এই সমস্যার সমাধানে মোদী সরকারের ‘ডাবল ইঞ্জিন’ মডেলের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, অনুপ্রবেশের ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি জানান, রাজ্যে আইনশৃঙ্খলা ফেরাতে ও ভোটার তালিকার শুদ্ধিকরণে বিজেপি বদ্ধপরিকর। খড়গপুর সদরে দিলীপ ঘোষের সমর্থনে আয়োজিত রোড শো-তে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখে তিনি জয়ের বিষয়ে নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
