মধ্যপ্রদেশের ভয়াবহ দৃশ্য! রোদে পোড়া কঙ্কালসার অবস্থায় উদ্ধার হতভাগী নারী

মধ্যপ্রদেশের তীব্র দাবদাহের মধ্যে একটি জনমানবহীন বাড়ির ছাদ থেকে সীমা সোনি (৪০) নামের এক নারীকে কঙ্কালসার ও প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু কল্যাণ বিভাগ এবং পুলিশের একটি যৌথ দল ওই নারীকে উদ্ধার করে। গত ৪ থেকে ৫ মাস ধরে অবর্ণনীয় কষ্টে খোলা আকাশের নিচে পড়ে থাকা ওই নারী উদ্ধারের সময় ক্ষুধার্ত অবস্থায় খাবার প্রার্থনা করেছিলেন। বর্তমানে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উদ্ধারকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, দীর্ঘদিনের অবহেলা ও পুষ্টিহীনতায় ওই নারীর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। ভুক্তভোগীর স্বামী অজিত সোনির দাবি, সীমা ২০১৬ সাল থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন এবং বাড়ির নির্মাণকাজের জন্য তাঁকে ছাদে রাখা হয়েছিল। তবে প্রশাসনের কর্মকর্তারা তাঁর এই সাফাই প্রত্যাখ্যান করেছেন। একজন অসুস্থ মানুষকে দীর্ঘ সময় ধরে প্রখর রোদের মধ্যে নগ্ন অবস্থায় ফেলে রাখাকে ‘ক্রুরতা’ হিসেবে চিহ্নিত করে এ ঘটনায় গভীর তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
