বিজেপি জিতলে বদলাবে সংবিধান, দেশভাগের হুমকি অভিষেকের!

নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমানের জামালপুরে আয়োজিত এক জনসভায় বিজেপিকে ‘তপশিলি বিরোধী’ ও ‘দেশভাগের চক্রান্তকারী’ বলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলীয় প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে আয়োজিত এই সভায় তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেই দলিত ও তপশিলিদের ওপর অত্যাচারের হার সবচেয়ে বেশি। এই নির্বাচনকে সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে অভিহিত করে তিনি বাংলা ও বাঙালি বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামালপুরের ভূমিপুত্র ভূতনাথ মালিকের সামাজিক কাজের প্রশংসা করেন এবং বিজেপি প্রার্থী অরুণ হালদারকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, তপশিলি কমিশনের সদস্য থাকাকালীন যিনি নিজের জাতির প্রতি হওয়া অত্যাচার রুখতে ব্যর্থ হয়েছেন, তার ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। একই সঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক জানান, গত দু’বছরে রাজ্য সরকার নিজস্ব অর্থায়নে জামালপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৪০৫ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করেছে। সেই সঙ্গে আগামী দিনে এলাকায় একটি ‘বহুমুখী হিমঘর’ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
