ক্ষমতা হারানোর ভয়ে ভণ্ডামি, মোদীকে চরম হুঁশিয়ারি মমতার!
মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ার দায় বিরোধীদের ওপর চাপিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে ‘ভীরুতা’ ও ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে বিভ্রান্ত করছেন। সরকারি মাধ্যমে প্রচার না চালিয়ে প্রধানমন্ত্রীকে সংসদকক্ষে দাঁড়িয়ে বিরোধী শিবিরের প্রশ্নের উত্তর দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিল পাশ না হওয়ার জন্য তৃণমূল ও কংগ্রেসকে দায়ী করে একে ‘ভ্রূণহত্যার সমতুল্য পাপ’ বলে অভিহিত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, সরকার নারী সংরক্ষণে আন্তরিক হলে ২০২৩ সালে বিল পাশ হওয়ার পর কেন তিন বছর অপেক্ষা করা হলো। এছাড়া, পাঁচটি রাজ্যের নির্বাচনের মুখে ডিলিমিটেশন বা নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া যুক্ত করার বিষয়টিকে তিনি রাজনৈতিক স্বার্থসিদ্ধির কৌশল এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও গণতন্ত্রের ওপর আঘাত বলে দাবি করেছেন।
