আদালতে আইনজীবীদের ওপর চিৎকার, পদ হারানো বিচারপতির শেষ ভরসা সুপ্রিম কোর্ট!

দিল্লির দ্বারকা আদালতের প্রাক্তন অতিরিক্ত দায়রা বিচারক (এডিজে) আমন প্রতাপ সিং তাঁকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। দিল্লি হাইকোর্টের দেওয়া বরখাস্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে করা এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ হাইকোর্টের কাছে চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। ২০২৩ সালের এপ্রিলে দিল্লি উচ্চ বিচার বিভাগীয় পরিষেবায় যোগ দেওয়া আমন প্রতাপ দুই বছরের শিক্ষানবিশ বা প্রোবেশন পিরিয়ডে ছিলেন।
আদালতের নথিপক্ষ অনুযায়ী, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের একটি ভাইরাল ভিডিও এবং সামগ্রিক পেশাদারিত্বের অভাবের কারণে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয়। হাইকোর্টের মতে, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং শিক্ষানবিশকালে তাঁর কর্মক্ষমতা ও আচরণ বিচারকদের গাম্ভীর্য বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক রেকর্ডে তাঁর কর্মক্ষমতাকে গড়ের চেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ জমা পড়েছিল।
