ইউপিআই লেনদেনে বড় পরিবর্তন, ১০ হাজার টাকার বেশি পাঠালেই অপেক্ষা করতে হবে বাড়তি সময়!

ডিজিটাল আর্থিক লেনদেনে ক্রমবর্ধমান জালিয়াতি রোধে আগামী ১ মে থেকে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবারের মতো কোনো অপরিচিত অ্যাকাউন্টে ১০ হাজার টাকা বা তার বেশি অর্থ পাঠানোর ক্ষেত্রে সেই অর্থ প্রাপকের অ্যাকাউন্টে জমা হতে অন্তত এক ঘণ্টা সময় লাগবে। সাইবার অপরাধীদের কবল থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে এবং ভুলবশত বা প্রতারণার শিকার হয়ে বড় অঙ্কের অর্থ লেনদেন হলে তা বাতিলের সুযোগ করে দিতেই এই ‘টাইম ডিলে’ বা বিলম্বের নিয়ম চালু করা হচ্ছে।
এই নিয়ম শুধুমাত্র নতুন বা অপরিচিত প্রাপকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পরিচিত কন্টাক্ট নম্বর, নিয়মিত মার্চেন্ট পেমেন্ট, জরুরি চিকিৎসা সংক্রান্ত খরচ এবং অটো-ডেবিট বা রিকরিং পেমেন্টের ক্ষেত্রে কোনো বাড়তি সময় লাগবে না। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালে ডিজিটাল জালিয়াতির সংখ্যা ২.৬ লক্ষ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে প্রায় ২৮ লক্ষে দাঁড়িয়েছে এবং গত বছরে প্রতারকরা প্রায় ২২,৯৩১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই আর্থিক ক্ষতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এখন দ্রুত গতির চেয়ে লেনদেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে।
