সাতবার ছোবল মারল প্রতিশোধপরায়ণ নাগিন, আতঙ্কে কাঁপছে গ্রাম!

উত্তরপ্রদেশের রামপুর জেলার মির্জাপুর গ্রামে এক অদ্ভুত ও রোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় এক কৃষক এহসান অভিযোগ করেছেন, গত সাত মাসে একটি সাপ তাকে অন্তত সাতবার দংশন করেছে। অবিশ্বাস্যভাবে প্রতিবারই দ্রুত চিকিৎসার ফলে তিনি প্রাণে বেঁচে ফিরলেও, সাপের ক্রমাগত আক্রমণের মুখে পড়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ঘটনার সূত্রপাত প্রায় সাত মাস আগে, যখন এহসান আত্মরক্ষার্থে একটি সাপকে পিটিয়ে মেরে ফেলেন। এহসানের দাবি, মৃত সাপটির সঙ্গী ‘নাগিন’ সেই হত্যার প্রতিশোধ নিতেই তাকে বারবার আক্রমণ করছে। খামারের মালিক সত্যেন্দ্রও ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, এহসান যেখানেই কাজ করতে যান, সাপটি সেখানেই হানা দেয়। এহসানের এই বিচিত্র অভিজ্ঞতায় স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল ও ভীতি ছড়িয়ে পড়েছে এবং নিজের চার সন্তানসহ পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম আশঙ্কায় দিন কাটছে ওই কৃষকের।
