কালবৈশাখীর দাপটে ভিজবে সারা বাংলা! আজ থেকেই জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

কালবৈশাখীর দাপটে ভিজবে সারা বাংলা! আজ থেকেই জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। চৈত্র-বৈশাখী দাবদাহের পর এবার উত্তর থেকে দক্ষিণ— সমাগ্র রাজ্যই ঝড়বৃষ্টির কবলে পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংঘাতের ফলেই এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিকেলের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির ভ্রুকুটি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। এই জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় সকালের দিকে চড়া রোদ থাকলেও, বিকেলের দিকে আকাশ মেঘলা হতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

উত্তরে দুর্যোগ ও আগামী কয়েকদিনের সতর্কতা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৮ ও ৯ মে বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, ৯ মে নতুন সরকারের শপথগ্রহণের দিন রাজ্যের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের গতিবেগ বেশি থাকায় বাড়তি সতর্কতা জারী করা হয়েছে। আগামী চার দিন আবহাওয়ার এই ট্রেন্ড বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *