FIR থাকলেই কি সরকারি চাকরি হাতছাড়া? জেনে নিন সুপ্রিম কোর্টের আসল নিয়ম ও আপনার অধিকার!

সরকারি চাকরি পাওয়া বর্তমান তরুণ প্রজন্মের কাছে একটি বড় স্বপ্ন। তবে ক্যারিয়ার গড়ার এই দীর্ঘ পথচলায় কোনো কারণে যদি পুলিশের খাতায় নাম ওঠে বা এফআইআর (FIR) দায়ের হয়, তবে অনেকেই ধরে নেন যে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আইন বিশেষজ্ঞদের মতে, এফআইআর মানেই অপরাধী হওয়া নয়। ভারতীয় আইন ও বিচার ব্যবস্থার মৌলিক নীতি অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত আদালতে অপরাধ প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ কোনো ব্যক্তিকে অপরাধী বলা যায় না। ফলে শুধু মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর থাকার কারণেই কাউকে চাকরির অযোগ্য ঘোষণা করা আইনত সম্ভব নয়।
তথ্য গোপন করার ঝুঁকি
চাকরিপ্রার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা। আবেদনপত্রের সময় যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলা বা এফআইআর থেকে থাকে, তবে তা স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে দেখা গেছে, এফআইআর থাকার চেয়ে তথ্য গোপন করার বিষয়টি প্রার্থীর নিয়োগ বাতিলের বড় কারণ হয়ে দাঁড়ায়। যদি কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরিতে যোগ দেন এবং পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনে সেটি ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার পূর্ণ অধিকার রাখে। তাই আইনি জটিলতার চেয়ে তথ্য লুকালেই বিপদ বেশি।
অপরাধের ধরন ও আদালতের ভূমিকা
মামলা থাকলেও চাকরির ভাগ্য নির্ভর করে অপরাধের ধরনের ওপর। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ছোটখাটো পারিবারিক বিবাদ বা আন্দোলনের মতো সাধারণ মামলাগুলো নিয়োগের ক্ষেত্রে খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। তবে দুর্নীতি, নৈতিক স্খলন বা খুনের মতো গুরুতর ফৌজদারি অপরাধের মামলা থাকলে নিয়োগকারী সংস্থা চাকরি প্রদানে অস্বীকৃতি জানাতে পারে। যদি কোনো প্রার্থী আদালত থেকে সসম্মানে খালাস পান, তবে তার চাকরিতে কোনো বাধা থাকে না। কিন্তু আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলে সরকারি চাকরি পাওয়া প্রায় আসাম্ভব হয়ে পড়ে।
এক ঝলকে
- এফআইআর মানেই অপরাধী নয়, আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত চাকরির সুযোগ থাকে।
- আবেদনের সময় কোনো আইনি রেকর্ড বা মামলা থাকলে তা জানানো বাধ্যতামূলক।
- গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারে।
- আদালত থেকে সসম্মানে খালাস পাওয়া প্রার্থীরা চাকরির জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হন।
