এলপিজি ভর্তুকি বন্ধের চূড়ান্ত নোটিশ, ১০ লক্ষ টাকার বেশি আয়ে আর মিলবে না সুবিধা

রান্নার গ্যাসের ভর্তুকি বা সাবসিডি নিয়ে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এবার থেকে আয়কর দপ্তরের ট্যাক্স রেকর্ড এবং এনার্জি ডেটাবেসের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো, যাঁদের বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার বেশি, তাঁদের ভর্তুকি বন্ধ করে দেওয়া। ইতিমধেই ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সরকারি সংস্থাগুলি চিহ্নিত গ্রাহকদের চূড়ান্ত নোটিশ পাঠাতে শুরু করেছে।
যাঁদের ভর্তুকি বন্ধ হওয়ার সম্ভাবনা
সরকারি নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো পরিবারের বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার বেশি হয়, তবে তাঁরা আর রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন না। তেল সংস্থাগুলি ইতিমধ্যেই আয়কর দপ্তরের তথ্যের সঙ্গে গ্রাহক তালিকার মেলবন্ধন ঘটিয়েছে। যেসব গ্রাহকের আয় নির্ধারিত সীমার ওপরে, তাঁদের ফোনে মেসেজ বা নোটিশ পাঠানো হচ্ছে। এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পদক্ষেপ না করলে স্থায়ীভাবে ভর্তুকি বন্ধ হয়ে যাবে।
নোটিশ পেলে গ্রাহকদের করণীয়
যদি কোনো গ্রাহকের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার কম হওয়া সত্ত্বেও তিনি এই ধরনের মেসেজ পান, তবে তাঁকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ভুলবশত সাবসিডি বন্ধ হওয়া রুখতে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পদ্ধতি জানানো হয়েছে:
- হেল্পলাইনে যোগাযোগ: গ্রাহকরা ১৮০০-২৩৩৩-৫৫৫ এই টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
- অনলাইন পোর্টাল: সংশ্লিষ্ট তেল কো ম্পা নির নিজস্ব ওয়েবসাইটে গিয়েও অভিযোগ জানানো বা সঠিক তথ্য পেশ করার সুযোগ রয়েছে।
- সময়সীমা: মেসেজ পাওয়ার সাত দিনের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে সরকারি নথিতে আয় বেশি বলে গণ্য হবে এবং ভর্তুকি সুবিধা চিরতরে বন্ধ হয়ে যাবে।
স্বচ্ছতা আনতেই নতুন ডেটাবেস
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, প্রকৃত অভাবী মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আয়কর দপ্তরের রেকর্ডের সঙ্গে এলপিজি ডেটাবেস মিলিয়ে দেখার ফলে স্বচ্ছতা বাড়বে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার সম্ভব হবে। যারা অযোগ্য হওয়া সত্ত্বেও সুবিধা নিচ্ছিলেন, তাঁদের এবার থেকে বাজারদরেই রান্নার গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে হবে। তাই নিজের ফোনের মেসেজের দিকে নজর রাখা এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
