মেসিকাণ্ডে অ্যাকশন, এবার সব ফাইল তলব করলেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক

২০২৫ সালের ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার তদন্তে এবার বড় পদক্ষেপ নিল নবগঠিত রাজ্য সরকার। দায়িত্ব গ্রহণ করেই মেসিকাণ্ডের সমস্ত নথি ও ফাইল তলব করেছেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এই ঘটনার নেপথ্যে থাকা প্রশাসনিক গাফিলতি ও বিশৃঙ্খলার উৎস খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তদন্তের মুখে পূর্বতন প্রশাসন
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক এই ইভেন্টে নিরাপত্তার যে বিশাল ফাঁক ছিল, তা খতিয়ে দেখতেই ফাইল খোলা হচ্ছে। তাঁর অভিযোগ, বিগত সময়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্রীড়া প্রকল্প ও প্রতিযোগিতার ক্ষেত্রে রাজ্য সরকারের অসহযোগিতা পরিলক্ষিত হয়েছে। নতুন সরকার বাংলার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি ‘খেলো ইন্ডিয়া’র মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে চালু করার পরিকল্পনা নিয়েছে। মূলত স্বচ্ছতা ফেরানো এবং দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিশৃঙ্খলা ও নিরাপত্তা বির্তক
উল্লেখ্য, দিল্লি বা মুম্বইয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে কাটলেও কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম অব্যবস্থা দেখা গিয়েছিল। সাধারণ দর্শক ও আয়োজকদের অভিযোগ ছিল, নিয়ন্ত্রিত এলাকায় প্রভাবশালীদের অনধিকার প্রবেশ এবং পুলিশের ব্যর্থতার কারণে খোদ মেসি অস্বস্তিতে পড়েছিলেন। এমনকি ভিড়ের চাপে মেসির সতীর্থ রদ্রিগো দে পলের আহত হওয়ার খবরও সামনে আসে। সম্প্রতি এই সফরের আয়োজক শতদ্রু দত্ত দাবি করেন, প্রশাসনিক ত্রুটি ঢাকতে তাঁকে বলির পাঁঠা করা হয়েছে এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠদের উপস্থিতিতেই নিরাপত্তার বলয় ভেঙেছিল। বর্তমান মন্ত্রীর এই ফাইল তলবের সিদ্ধান্তে সংশ্লিষ্ট মহলে শোরগোল পড়ে গিয়েছে।
