হকার মুক্ত শিয়ালদহ ও হাওড়া স্টেশন, রেলের মেগা অভিযানে স্বস্তিতে নিত্যযাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই আমূল বদলে গেল শিয়ালদহ ও হাওড়া স্টেশন চত্বরের চেনা ছবি। রেল কর্তৃপক্ষের ব্যাপক তৎপরতায় স্টেশন সংলগ্ন এলাকা থেকে উধাও হয়ে গিয়েছে একের পর এক অবৈধ স্টল। দীর্ঘদিন ধরে হকারদের দখলে থাকা ফুটপাথ ও স্টেশন চত্বর হঠাৎ ফাঁকা হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ১ নম্বর থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের সামনের বিস্তীর্ণ এলাকা এখন পুরোপুরি হকার মুক্ত।
রাজনৈতিক পালাবদল ও রেলের কড়া পদক্ষেপ
শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গেছে, বিগত দিনে ইউনিয়নবাজি ও রাজনৈতিক দাপটের কারণে স্টেশন চত্বরে ব্যাঙের ছাতার মতো অবৈধ দোকান গজিয়ে উঠেছিল। নিয়মিত তোলবাজির জেরে স্টেশন চত্বর দিন দিন ঘিঞ্জি ও সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ছিল। তবে নতুন সরকার আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া অবস্থান নেয় রেল। শিয়ালদহ ডিআরএম অফিস জানিয়েছে, হকারদের নির্দিষ্ট সময়সীমা দিয়ে আগেই নোটিস পাঠানো হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনেকেই নিজে থেকে পসরা গুটিয়ে নিয়েছেন, আর যাঁরা টালবাহানা করছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে একটি নির্দিষ্ট ব্যারিকেডের বাইরে ছাড়া স্টেশনের মূল প্রবেশদ্বারে কোনো হকারকে বসতে দেওয়া হচ্ছে না।
হাওড়ায় চলল বুলডোজার, পুনর্বাসনের দাবি
শিয়ালদহের পাশাপাশি একই ছবি দেখা গেছে হাওড়া স্টেশন চত্বরেও। শনিবার রাতে সেখানে রেলের তরফে বুলডোজার চালিয়ে ফুটপাথের প্রায় ১৫০টি অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষের দাবি, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও হকারদের রমরমা কমানো যাচ্ছিল না, যার ফলে যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। রেলের এই আকস্মিক অভিযানে যাতায়াতের পথ সুগম হওয়ায় নিত্যযাত্রীরা খুশি হলেও, উচ্ছেদ হওয়া হকারদের একাংশ ও সাধারণ মানুষের কিছু অংশ মানবিক দিক বিবেচনা করে নতুন সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এই অভিযানের ফলে স্টেশন চত্বরে যানজট ও ভিড় যেমন কমবে, তেমনই রেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
