সকাল ১১টায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক, বড় ধামাকার অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা! – এবেলা

সকাল ১১টায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক, বড় ধামাকার অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বাংলা। গত এক দশকে এই প্রথম সকাল ১১টায় বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী। মাত্র সাত দিন আগে, গত ১১ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নবান্নে পা রেখেছিলেন। আর এই এক সপ্তাহের মধ্যেই আমূল বদলে গেছে মহাকরণ থেকে জেলা স্তরের সামগ্রিক কর্মসংস্কৃতি। পূর্বতন সরকারের আমলে সাধারণত বিকেল ৩টে বা তার পরে মন্ত্রিসভার বৈঠক হওয়ার যে রেওয়াজ ছিল, তা ভেঙে সকাল সকাল এই বৈঠক ডাকার সিদ্ধান্ত প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কাজের গতি বাড়াতে মরিয়া নতুন সরকার

দায়িত্ব নেওয়ার পরপরই নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, তিনি কাজের গতি এবং সুনির্দিষ্ট ফলাফল চান। প্রধান প্রশাসকের সেই ক্ষিপ্রতার সঙ্গে তাল মেলাতে এখন হিমশিম খাচ্ছেন আমলা থেকে মন্ত্রীরা। বিগত দিনে যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী সপ্তাহে মাত্র তিন-চার দিন নবান্নে যেতেন এবং বাকি কাজ কালীঘাটের বাড়ি থেকে পরিচালনা করতেন, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রীর কড়া নজরদারিতে কাকভোর থেকে মধ্যরাত পর্যন্ত ফাইল ছাড়ার কাজ চলছে গতিশীলভাবে। নবান্নে ফাইল আটকে থাকার চেনা ছবিটা গত সাত দিনে সম্পূর্ণ উধাও। আজ সকাল ১১টার বৈঠকে সমস্ত মন্ত্রীকে উপস্থিত থাকার কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে, প্রশাসনে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।

ডিএ ও বেতন কমিশন নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা

সোমাবারের এই বৈঠককে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছে। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংক্রান্ত একটি বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মেনে নতুন সরকার আজই ডিএ বৃদ্ধি নিয়ে কোনো বড় ঘোষণা করে কি না, সেদিকেই চোখ সবার। এর পাশাপাশি সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ব্যাপারেও আজ নীতিগত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে সরকারি অফিসে হাজিরা নিশ্চিত করতে ও কাজের গতি বাড়াতে মন্ত্রিসভা কিছু কড়া নিয়মকানুনও জারি করতে পারে।

গত সাত দিনে শিক্ষা, পুরসভা ও সমবায় দুর্নীতির সিবিআই ফাইল ছাড়পত্র দেওয়া, ১০০ দিনের কাজের ই-কেওয়াইসি-র সময়সীমা বেঁধে দেওয়া এবং একগুচ্ছ কেন্দ্রীয় রেল প্রকল্পের ছাড়পত্র আদায় করে নতুন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার কাজের গতি স্পষ্ট করে দিয়েছেন। ফলে আজকের এই সকালের বৈঠক থেকে রাজ্যবাসীর জন্য, বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য কী কী বড় সিদ্ধান্ত আসতে চলেছে, তার ওপরই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *