ইতিহাসের হাতছানি নাকি রাজত্ব ধরে রাখার লড়াই, ইউরোপ সেরা হওয়ার মহাম্যাচে মুখোমুখি আর্সেনাল ও পিএসজি – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের চূড়ান্ত মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল এবং ফরাসি জায়ান্ট প্যারিস সাঁ জা (পিএসজি)। চলতি সপ্তাহের উইকএন্ডে গভীর রাতের অপেক্ষা কমিয়ে ম্যাচটি শুরু হতে যাচ্ছে ভারতীয় সময় রাত ৯টায়। দুই দলের সামনেই রয়েছে এক নতুন ইতিহাস গড়ার হাতছানি, যা এই ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
রেকর্ড ও শ্রেষ্ঠত্বের লড়াই
মিকেল আর্তেতার অধীনে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতে ইতিমধ্যেই নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে গানার্সরা। এবার তাদের সামনে সুযোগ চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে একই মরসুমে দেশের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য ‘ডাবল’ নজির গড়ার। এর আগে কেবল লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল। পাশাপাশি ২০০৬ সালে বার্সেলোনার কাছে ফাইনালে হারের ক্ষত ভুলে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তোলার লক্ষ্যে নামবে আর্সেনাল। অপরদিকে ধারেভারে কিছুটা এগিয়ে থাকা পিএসজির সামনে সুযোগ রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দুই বা তার বেশিবার এই শিরোপা নিজেদের দখলে রাখার।
কোথায় এবং কীভাবে দেখা যাবে ফাইনাল
ফুটবলের এই মেগা ফাইট ভারতের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস টেন ২ (Sony Sports Ten 2) চ্যানেল। কেবল বা ডিটিএইচ সংযোগে এই চ্যানেলটি থাকলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ম্যাচটি উপভোগ করা যাবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের জন্য সোনি লিভ (SonyLIV) অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সাধারণ সাবস্ক্রিপশন ফি দিয়ে বা নতুন ব্যবহারকারী হিসেবে ৭ দিনের ফ্রি ট্রায়াল অফার কাজে লাগিয়ে ম্যাচটি দেখা সম্ভব। এছাড়া জিও (Jio) ব্যবহারকারীরা সক্রিয় ডেটা প্যাক থাকলে জিও টিভি (JioTV) অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সোনি স্পোর্টস চ্যানেলগুলোতে এই হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
