আইপিএল ফাইনালে আহমেদাবাদের পিচে পেসারদের দাপটের ইঙ্গিত, টস জিতলেই ব্যাটিংয়ের ভাবনা! – এবেলা

আইপিএল ফাইনালে আহমেদাবাদের পিচে পেসারদের দাপটের ইঙ্গিত, টস জিতলেই ব্যাটিংয়ের ভাবনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। হাইভোল্টেজ এই ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কেমন হতে চলেছে ফাইনালের পিচ? স্টেডিয়াম সূত্রের খবর, রবিবারের ফাইনাল ম্যাচে ব্যাটারদের পাশাপাশি ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছেন ফাস্ট বোলাররাই।

লাল মাটির পিচে পেসারদের রাজত্ব

স্টেডিয়াম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফাইনালের পিচে কালো মাটির চেয়ে লাল মাটির অনুপাত অনেক বেশি। লাল মাটির শক্ত ও কমপ্যাক্ট সারফেসের কারণে বল দ্রুত এবং ট্রু বাউন্সে ব্যাটে আসবে, যা মুক্তহস্তে স্ট্রোক খেলার জন্য ব্যাটারদের সাহায্য করবে। তবে ব্যাটার-বান্ধব মনে হলেও এই পিচে আসল রাজত্ব পেসারদেরই। চলতি মরসুমে আহমেদাবাদের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারি কাগিসো রাবাডা (২০) এবং মহম্মদ সিরাজ (১১)। অন্যদিকে স্পিনারদের মধ্যে একমাত্র রশিদ খান ছাড়া কেউ তেমন সুবিধা করতে পারেননি। সন্ধ্যার দিকে শিশিরের প্রভাব কম থাকায় দ্বিতীয় ইনিংসেও বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হবে না। ফলে নতুন বলে প্রথম ৩-৪ ওভার ভুবনেশ্বর কুমার বা জশ হ্যাজলউডের সুইং ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

রোদ ও গরমের দাপট, টসজয়ী দলের সুবিধা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আহমেদাবাদে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং সন্ধ্যায় তা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। প্রচণ্ড গরমের কারণে খেলা যত গড়াবে, পিচ তত শুকিয়ে যাবে। এর ফলে দ্বিতীয় ইনিংসে বল কিছুটা নিচু হয়ে ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পিচ পরিবর্তনের কারণেই টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

কোয়ালিফায়ারের ধাক্কা সামলে গুজরাতের বদলার লড়াই

এর আগে কোয়ালিফায়ার ১-এর লড়াইয়ে গুজরাতকে বড় ব্যবধানে হারিয়েছিল আরসিবি। আজ ফাইনালে ঘরের মাঠে শুভমন গিলদের সামনে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ। তবে বিরাট কোহলি, রজত পাতিদারদের নিয়ে গড়া আরসিবি-র শক্তিশালী ব্যাটিং লাইনে ধস নামাতে প্রস্তুত কাগিসো রাবাডা ও মহম্মদ সিরাজের মতো টাইটান্স পেসাররা। ক্রিকেটপ্রেমীরা আজ আহমেদাবাদে এক রুদ্ধশ্বাস ও হাই-স্কোরিং ফাইনাল ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *