মালদায় বিচারক আটক হিংসার ঘটনায় আরও দুই অভিযুক্তকে পাকড়াও করল এনআইএ – এবেলা

মালদায় বিচারক আটক হিংসার ঘটনায় আরও দুই অভিযুক্তকে পাকড়াও করল এনআইএ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের মালদায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) কর্মসূচি চলাকালীন ভয়াবহ হিংসা ও বিচারকদের আটকে রাখার ঘটনায় তদন্তে গতি বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌলানা ইমরান আলি এবং রিঙ্কু শেখ নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এর আগে থেকেই মালদা কাণ্ডে ৩৫ জন অভিযুক্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

হিংসার নেপথ্যে বৃহত্তর চক্রান্তের সন্ধান

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে মালদায় এসআইআর কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। অভিযোগ, সেই সময় জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়দের একাংশ। এখানেই শেষ নয়, কর্তব্যরত বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখা হয় এবং পুলিশ কর্মীদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে পুলিশ বাসের চালক গুরুতর আহত হন। এই পুরো ঘটনাটি সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে খতিয়ে দেখছে এনআইএ। তদন্তে নেমে এজেন্সি জানতে পেরেছে যে, গ্রেফতারকৃত দুই অভিযুক্ত শুধুমাত্র ওই দিনের বেআইনি জমায়েতেই অংশ নেয়নি, বরং প্রশাসনিক কাজে বাধা দেওয়া ও জনমনে আতঙ্ক সৃষ্টিতে সক্রিয় ভূমিকা নিয়েছিল।

আইনি প্রক্রিয়ায় কড়াকড়ি

মালদা হিংসার ঘটনায় ইতিমধ্যে মোট ১২টি মামলা রুজু করেছে এনআইএ। এর মধ্যে চারটি মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হিংসার ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি এর পেছনে কোনো বৃহত্তর ষড়ষন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এজেন্সি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনাই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *