এইচ-১বি ভিসায় ১ লক্ষ ডলার মাসুল বেআইনি! মার্কিন আদালতে জোর ধাক্কা খেলেন ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে বড়সড় রদবদল ঘটাল আমেরিকার এক আদালত। এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলির উপর ট্রাম্প প্রশাসন যে এক লক্ষ ডলারের বিপুল মাসুল চাপিয়েছিল, তাকে সম্পূর্ণ বেআইনি বলে খারিজ করে দিয়েছেন বস্টনের ফেডারেল কোর্টের এক বিচারক। সোমবার ৪২ পাতার এক রায়ে আদালত জানিয়েছে, এই ধরনের শর্ত চাপানোর আইনি বৈধতা ট্রাম্প প্রশাসনের নেই। এই রায় মার্কিন সংস্থাগুলির জন্য একটি বড় স্বস্তি বয়ে এনেছে।
ক্ষমতার এক্তিয়ার ও আদালতের পর্যবেক্ষণ
আদালতের মতে, ট্রাম্প প্রশাসনের চাপানো এই মাসুল আদতে একটি ‘বেআইনি কর’। মার্কিন বিচারক লিও সোরোকিন তাঁর রায়ে স্পষ্টভাবে জানিয়েছেন, অভিবাসন নীতিতে এই ধরনের আর্থিক শর্ত বা কর চাপানোর আইনি ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে। প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে এমন কর চাপানোর কোনও অধিকার বা এক্তিয়ার নেই। কংগ্রেসের অনুমোদন ছাড়া একতরফাভাবে এই বিপুল অঙ্কের ফি ধার্য করা সংবিধানসম্মত নয় বলেই জানিয়েছে আদালত।
কড়াকড়ির কারণ ও সম্ভাব্য প্রভাব
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার নীতি গ্রহণ করেছিলেন। সেই লক্ষ্যেই গত বছর সেপ্টেম্বরে এইচ-১বি ভিসার ক্ষেত্রে এই বিপুল মাসুল চাপানো হয়, যাতে ভিনদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করা যায়। অন্যদিকে, আমেরিকার শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলি এই এইচ-১বি ভিসার মাধ্যমে আসা দক্ষ বিদেশি কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল। ট্রাম্পের চাপানো এই এক লক্ষ ডলার মাসুলের জেরে সংস্থাগুলির কর্মী নিয়োগের খরচ বিপুল মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। আদালতের এই নির্দেশ ওই সংস্থাগুলিকে বড় ধরনের আর্থিক দায়ের হাত থেকে মুক্তি দিল। এর ফলে মার্কিন সংস্থাগুলির পক্ষে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের পথ আবারও সুগম হল।
