মণিপুরে ফের অশান্তির আগুন! অপহৃত ৬ নাগার দেহ উদ্ধার হতেই রাজ্যজুড়ে বনধের ডাক – এবেলা

মণিপুরে ফের অশান্তির আগুন! অপহৃত ৬ নাগার দেহ উদ্ধার হতেই রাজ্যজুড়ে বনধের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

ইম্ফল: মাসখানেক আগের অপহরণ কাণ্ডের মর্মান্তিক পরিণতি। অপহৃত হওয়া নাগা উপজাতির ছয় সদস্যের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হতেই নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল মণিপুরে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে নাগাদের শীর্ষ সংগঠন ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’ (UNC)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে কাংপোকপি জেলায় থাদো সম্প্রদায়ের তিনজন চার্চ নেতাকে হত্যার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিনই কুকি সম্প্রদায়ের ২৮ জন এবং নাগা জনজাতির ২০ জনকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পরে দু-পক্ষের সমঝাোতায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, লেইলন ভাইফেই এলাকা থেকে অপহৃত ৬ জন নাগার কোনো খোঁজ মিলছিল না। তাঁদের মুক্তির দাবিতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল নাগারা। অবশেষে বুধবার মণিপুর পুলিশ তল্লাশি চালিয়ে ওই ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।

এই ঘটনার পরই ফুঁসে উঠেছে মণিপুরের নাগা সমাজ। ইউনাইটেড নাগা কাউন্সিল এই ঘটনাকে ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কুকি সংগঠন জড়িত দাবি করে, নেমচা কিপগেনকে অবিলম্বে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি তুলেছে তারা।

অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং স্পষ্ট জানিয়েছেন, “প্রশাসন এই নৃশংসতার মুখে নীরব দর্শক হয়ে থাকবে না। এই ধরনের হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মণিপুরে জাতিগত সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *