রাহুলের রহস্যমৃত্যুর তদন্তে এবার নড়েচড়ে বসল প্রধানমন্ত্রীর দপ্তর! – এবেলা

এবেলা ডেস্কঃ
গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অকাল সলিল সমাধি ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও প্রযোজনা সংস্থার গাফিলতির অভিযোগে শুরু থেকেই এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ ছিলই। এবার সেই মামলাতেই সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)।
তদন্তে গতি আনতে দিল্লির হস্তক্ষেপ
রাহুলের মৃত্যুর পর থেকেই শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা বিধিনিষেধ নিয়ে সরব হয়েছিল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। সংগঠনের দাবি ছিল, ধারাবাহিকের শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি এবং নিয়ম লঙ্ঘনের কারণেই প্রাণ হারিয়েছেন রাহুল। বিষয়টি নিয়ে দীর্ঘ টালবাহানার পর সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্যের মুখ্যসচিবকে ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা ও দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট দপ্তর।
প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সিট গঠনের দাবি
এই মর্মান্তিক ঘটনার পেছনে থাকা প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে এফআইআর ও ফৌজদারি মামলা রুজু করার দাবি জানিয়েছে সর্বভারতীয় সিনে সংগঠনটি। কেবল বিচারই নয়, ভবিষ্যতে শিল্পী ও কলাকুশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্য একটি ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ বা সিট গঠনেরও জোরালো দাবি তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের এই নির্দেশের পর রাহুলের মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
