‘সিপিএমের গায়ে হাত দিইনি, এখন দল দেখলেই ডিম মারা হচ্ছে!’ শুভেন্দু সরকারের বিরুদ্ধে রণংদেহী কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: পুনর্বাসন ছাড়া অমানবিক হকার উচ্ছেদ, আকাশছোঁয়া বাজারদর এবং বিরোধী নেতাদের ওপর নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে এবার বর্তমান শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামলেন তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে এক জরুরি সাংবাদিক বৈঠকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
রাজ্যে হকার উচ্ছেদের নামে বুলডোজার নীতি নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে কুণাল ঘোষ বলেন, “একদিকে অমানবিক হকার উচ্ছেদ চলছে, অন্যদিকে জিনিসের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।” পুনর্বাসন ছাড়া গরিব মানুষের পেটে লাথি মারা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, তাড়াহুড়ো না করে জনপ্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা হোক।
এদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি-র তলব প্রসঙ্গে কুণাল জানান, বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্ত হওয়ায় তিনি মন্তব্য করবেন না, যা হওয়ার আইন মেনেই হবে।
তবে রাজ্যে তৃণমূল নেতাদের যেভাবে টার্গেট করা হচ্ছে, তা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন তিনি। কুণাল অভিযোগ করেন, হঠাৎ করে পুরনো মামলা খুঁড়ে বার করে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, আর সেই খবর বিজেপি আগে থেকেই জেনে যাচ্ছে। শুধু তাই নয়, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ধৃত নেতাদের সামাজিক সম্মান নষ্ট করতে সুপরিকল্পিতভাবে ডিম ছোড়া বা অপমান করার নোংরা খেলা চলছে।
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদাহরণ টেনে তৃণমূল মুখপাত্র মনে করিয়ে দেন, “২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিএম নেতাদের বিরুদ্ধে অজস্র অত্যাচারের অভিযোগ থাকা সত্ত্বেও এ ধরনের নোংরা ঘটনা বাংলায় কখনও ঘটেনি। আমরা কারও গায়ে হাত দিইনি।” বর্তমান সরকারের এই আচরণকে ‘বাহুবলীর রাজনীতি’ ও ‘প্রতিহিংসার রাজনীতির গ্যালারি শো’ বলে আখ্যা দিয়ে অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধের দাবি জানান কুণাল ঘোষ।
