রচনা কি বাদ পড়ছেন? নতুন মোড়কে ‘দিদি নম্বর ১’ সিজন ১০, বড় চমকের মাঝে তুঙ্গে জল্পনা! – এবেলা

রচনা কি বাদ পড়ছেন? নতুন মোড়কে ‘দিদি নম্বর ১’ সিজন ১০, বড় চমকের মাঝে তুঙ্গে জল্পনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: এক যুগেরও বেশি সময় ধরে বাংলার ড্রয়িংরুমের অবিচ্ছেদ্য অংশ জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। সাধারণ মানুষ থেকে তারকা— সকলের জীবনযুদ্ধ, সাফল্য আর আড্ডার এই মঞ্চ দর্শকদের কাছে আজও সমান জনপ্রিয়। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে এই শো-এর আগামী সিজন অর্থাৎ ‘সিজন ১০’-এর নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। আর তাতেই অপেক্ষা করছে এক বিরাট চমক!

এবার আর ৪ জন নয়, খেলা হবে ১০ জন দিদিকে নিয়ে। সঙ্গে থাকবে ১০ গুণ মজা এবং ১০ গুণ পুরস্কার। কিন্তু এই নতুন সিজনের প্রোমো আসতেই দর্শক মনে দানা বেঁধেছে মস্ত বড় এক প্রশ্ন— এবারও কি সঞ্চালনার দায়িত্বে থাকছেন সকলের প্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়, নাকি দেখা যাবে নতুন কোনও মুখ?

কেন এই জল্পনা?

এর আগে রাজনৈতিক প্রচারের ব্যস্ততার কারণে রচনা যখন সাময়িক বিরতি নিয়েছিলেন, তখন শো-এর হাল ধরেছিলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এবারও জল্পনা উস্কে দিয়েছে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল শাসনের অবসান ঘটে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিনোদন জগতের রাজনৈতিক সমীকরণে বড়সড় ওলটপালট দেখা দিয়েছে। বহু তারকা এখন ঘাসফুল শিবিরের হাত ছেড়েছেন।

এই আবহে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি সাম্প্রতিক মন্তব্য সমাজমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। রাজ্যে বিজেপির জয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এবারের অবিশ্বাস্য ভোটে মানুষ পদ্মফুল চিহ্ন দেখেই বোতাম টিপেছেন। পশ্চিমবঙ্গের চারজন মূল মুখ— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যকে দেখেই ভোট হয়েছে। প্রার্থীরা কে ছিলেন, অর্ধেক মানুষ হয়তো তাঁদের নামও জানতেন না।” রচনার এই মন্তব্য নিয়ে নেটিজেনদের একাংশ যেমন কটাক্ষ করছেন, তেমনই ট্রোল ক্যুইন তকমা পাওয়া রচনা নিজেও ট্রোল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

রচনাই কি ‘দিদি নম্বর ১’?-এর শেষ কথা?

অতীতে পুষ্পিতা মুখোপাধ্যায়, জুন মালিয়া কিংবা দেবশ্রী রায় এই শো-এর সঞ্চালনা করলেও, ‘দিদি নম্বর ১’ মানেই বাঙালি দর্শকের কাছে রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাবার প্রয়াণের পর সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাস কিছুদিনের জন্য দায়িত্ব সামলালেও, রচনার জনপ্রিয়তার ধারেকাছে কেউ পৌঁছাতে পারেননি। তবে এবারের সিজনে সঞ্চালকের আসনে শেষ পর্যন্ত কে বসবেন, তা নিয়ে এখনও চ্যানেলের তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। রচনার রাজনৈতিক অবস্থান এবং শো-এর এই নতুন মোড়ক— সব মিলিয়ে ‘সিজন ১০’ শুরুর আগেই এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *