সাতসকালেই মদন মিত্রের বাড়িতে ইডি! কামারহাটির বিধায়কের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: পুরসভায় নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে এবার কামারহাটির প্রভাবশালী তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার সকাল ৬টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একদল আধিকারিক আচমকাই মদন মিত্রের ফ্ল্যাটে গিয়ে পৌঁছান এবং পুরো বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন।
ইডি সূত্রে খবর, পুরসভা নিয়োগ-দুর্নীতির জাল কতদূর ছড়িয়েছে এবং এর সাথে আর কারা যুক্ত, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজতেই এই অভিযান। বিধায়কের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত কোনো নথিপত্র বা আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
তল্লাশি চালানোর পাশাপাশি মদন মিত্রকে ঘরে বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গেছে। সাতসকালে হেভিওয়েট তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এই অতর্কিত হানা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
