৮৩ বছর বয়সেও ম্যাজিক! একদিনে ১২টি সিনেমার শুটিং করে তাক লাগালেন অমিতাভ বচ্চন – এবেলা

এবেলা ডেস্কঃ
বিনোদন ডেস্ক: বয়স ৮৩ ছুঁইছুঁই, কিন্তু কাজের এনার্জিতে তিনি এখনও হারিয়ে দিতে পারেন যেকোনো তরুণ তারকাকে। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আবারও প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে স্রেফ একটা সংখ্যা মাত্র। সম্প্রতি নিজের ব্লগে এক অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শেয়ার করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন বিগ বি।
শুনলে চোখ কপালে উঠবে, মাত্র একদিনের মধ্যেই অভিনেতা ১২টি শর্ট ফিল্মের (স্বল্পদৈর্ঘ্যের ছবি) শুটিং শেষ করেছেন! শুধু তাই নয়, একই দিনে দুটি বড় স্টিল ফটোশুটও সামলেছেন তিনি। এখানেই শেষ নয়, দিনভর এই হাড়ভাঙা খাটুনির পর গভীর রাতে যখন গোটা দুনিয়া ঘুমে মগ্ন, তখন অনুরাগীদের জন্য ব্লগে লিখতে বসে যান শাহেনশাহ।
রাত প্রায় ৩টের সময় নিজের ব্লগে অমিতাভ লেখেন, “কাজই কাজ… কাজই কাজ… কাজই কাজ! আজ ১২টি শর্ট ফিল্মের শুটিং করেছি, দুটি স্টিল শুটও শেষ করেছি। আর এখন তোমাদের জন্য লিখছি।” কাজের প্রতি এই চরম নিষ্ঠা ও ভালোবাসা দেখে তাজ্জব বনে গেছেন তাঁর কোটি কোটি ভক্ত।
ব্লগে অমিতাভ জানান, ব্যস্ততা যতই থাকুক না কেন, অনুরাগীদের সঙ্গে এই আত্মিক যোগাযোগ তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও উল্লেখ করেন, এত বছরের দীর্ঘ কেরিয়ারের পরেও প্রতিটি কাজের আগে তিনি গভীর প্রস্তুতি নেন এবং কোনও পরিস্থিতিতেই কাজে ফাঁকি দেওয়া বা আপস করা তাঁর অভিধানে নেই।
এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। কেউ তাঁকে ‘অদম্য’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ লিখেছেন, “এই বয়সেও এমন কর্মক্ষমতা অমিতাভ বচ্চনকে না দেখলে বিশ্বাস করা আসাম্ভব।” নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে যে তিনি এক বিশাল অনুপ্রেরণা, তা আবারও বুক ঠুকে প্রমাণ করে দিলেন বলিউডের ডন।
