‘রক্ত আর জল একসাথে বইবে না!’ পাকিস্তানকে সিন্ধুর জল দেওয়া নিয়ে ফের চরম হুঁশিয়ারি রাজনাথের – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: “যারা সন্ত্রাসে মদত দেয়, মানবতার শত্রু— তাদের সিন্ধুর জল দেবে না ভারত।” শুক্রবার হায়দরাবাদে বিজেপির এক কর্মসূচি থেকে পাকিস্তানকে ফের এই ভাষাতেই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি যে ‘সিন্ধু জলচুক্তি’ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তা যে আপাতত বহাল থাকছে, প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
সিন্ধু জলচুক্তি স্থগিত করার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বিখ্যাত বার্তা, ‘রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না’— এদিন রাজনাথের মুখেও শোনা যায় সেই একই সুর। প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, “পহেলগামে সন্ত্রাসী হামলার পর আমরা চুক্তি স্থগিত করে বলেছিলাম, যাদের কারণে সাধারণ মানুষের চোখের জল শুকিয়ে গিয়েছে, তারা যেন আমাদের কাছে জলের আশা না করে।”
স্মরণে ‘অপারেশন সিঁদুর’:
গত বছর মে মাসে পহেলগাম হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে অন্তত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এরপর পাকিস্তানের পাল্টা হামলার চেষ্টাও রুখে দেয় ভারত। সীমান্তে তিন দিন টানটান উত্তেজনার পর দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে।
শুক্রবার সেনার সেই বীরত্বের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, “যারা শান্তি ও সম্প্রীতির ভাষা বোঝে না, তাদের কী ভাবে জবাব দিতে হয়— ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।”
নয়াদিল্লি আগেই সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত এই জলচুক্তি স্থগিত করেছে। পাকিস্তান যত দিন না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া সম্পূর্ণ বন্ধ করছে, তত দিন সিন্ধুর জল পাওয়ার কোনো অধিকার তাদের নেই।
