সরকারি কাজে দুর্নীতির দিন শেষ? সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিযোগ জানানোর নতুন পোর্টাল চালু! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সাফল্য পেয়েছে ‘জনতার দরবার’, সাড়া ফেলেছে ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন নম্বরও। এবার সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছে দিতে আরও এক বড় পদক্ষেপ করল রাজ্যের বিজেপি সরকার। চালু করা হলো একটি বিশেষ অনলাইন পোর্টাল। সরকারি কাজে কোনও বেনিয়ম হলে কিংবা অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতার মতো জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হলে নাগরিকরা এখন ঘরে বসেই সরাসরি এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন।
কীভাবে অভিযোগ জানাবেন? দেখে নিন ধাপে ধাপে:
- প্রথমে https://cmo.wb.gov.in/landing ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে ‘সিটিজেন সার্ভিস’ (Citizen Service) অপশনের নিচে থাকা ‘Raise Grievance’-এ ক্লিক করতে হবে।
- এরপর স্ক্রিনে নিজের মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড পূরণ করে ‘Continue to OTP’ দিতে হবে।
- মোবাইলে আসা ওটিপি (OTP) বসালেই একটি নতুন ফর্মের পেজ খুলবে।
- সেখানে আবেদনকারীর নাম, জেলা, ঠিকানা, মহকুমা, থানা ও বিধানসভার মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
- সবশেষে নিজের সমস্যার কথা বিস্তারিত লিখে সাবমিট করতে হবে। চাইলে অভিযোগের সপক্ষে ছবিও আপলোড করা যাবে।
আবেদন জমা পড়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং অ্যাকশন নেওয়ার পর সেই আপডেট আবেদনকারীর মোবাইলেও পাঠিয়ে দেওয়া হবে।
জনগণের সরকার গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ:
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল— ‘এই সরকার জনগণের, এখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে।’ সেই লক্ষ্যেই প্রথমে একটি টোল-ফ্রি নম্বর (৮২৮২০৮২৮২০) চালু করা হয়, যেখানে ফোন করে মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারছিলেন। এর পাশাপাশি সল্টলেকে নিয়মিত চলছে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’। এবার তার সঙ্গে যুক্ত হলো এই পোর্টাল।
উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের অভাব-অভিযোগকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আমজনতার সমস্যা সমাধানে বিজেপি সরকারের এই ডিজিটাল উদ্যোগ রাজ্য রাজনীতিতে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
