‘এটা কোন রাজত্ব চলছে?’ অভিষেকের পিএ-র খোঁজে পুলিশের হানা, ক্ষোভে ফেটে পড়লেন শাশুড়ি – এবেলা

‘এটা কোন রাজত্ব চলছে?’ অভিষেকের পিএ-র খোঁজে পুলিশের হানা, ক্ষোভে ফেটে পড়লেন শাশুড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

কালীঘাট/শ্রীরামপুর: শনিবার ভোররাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশের আকস্মিক অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত অভিষেকের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি চালানো হয়। তবে শুধু কালীঘাটই নয়, সুমিতের খোঁজে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও হানা দেয় পুলিশ। কিন্তু সেখানেও তাঁর কোনো সন্ধান মেলেনি। উল্টে জামাতার খোঁজে পুলিশের এই তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সুমিতের শাশুড়ি।

শ্রীরামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ লেনের বাসিন্দা সুমিতের শাশুড়ি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন, “পুলিশ সবাইকে হেনস্থা করছে। এটা কোন রাজত্ব চলছে? কী চলছে এটা? ১০-১৫ বছর আগে যে অবস্থা ছিল, তা কি আবার ফিরে পেতে চান?” সুমিতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান, “সুমিত কোথায় আছে, আপনারা খুঁজে নিন। কী হচ্ছে, সারা দুনিয়া দেখছে। বলার কিছু নেই। রাজনীতির বিষয়ে আমি নাক গলাই না।” তিনি আরও জানান, বেশ কয়েক মাস আগে সুমিত শেষবার শ্বশুরবাড়িতে এসেছিলেন। শুক্রবার ফোনে কথা হলেও শনিবারের ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

অভিষেকের বাড়িতেই ছিল শেষ টাওয়ার লোকেশন:

পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি, জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা এবং টাকার বিনিময়ে দলের টিকিট পাইয়ে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, সুমিতের ফোনের শেষ টাওয়ার লোকেশন মিলেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই। আর সেই সূত্র ধরেই শনিবার ভোরে গেটের তালা ভেঙে অভিষেকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, যা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *