‘সন্ত্রাসবাদীদের সিন্ধু নদীর জল দেওয়া হবে না!’ হামলা রুখতে ঐতিহাসিক জল চুক্তি স্থগিতের হুঁশিয়ারি রাজনাথের – এবেলা

এবেলা ডেস্কঃ
হায়দরাবাদ: ভারতের মাটিতে সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিরুদ্ধে এবার পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হায়দরাবাদের একটি জনসভা থেকে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে বা লালন-পালন করছে, তাদের কাছে কোনোভাবেই সিন্ধু নদীর জল পৌঁছতে দেওয়া হবে না।
সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী এদিন এক বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দেন। রাজনাথ সিং জানান, এই জঘন্য হামলার পরই ভারত ঐতিহাসিক ‘সিন্ধু জল চুক্তি’ (Indus Waters Treaty) স্থগিত রাখার মতো কড়া সিদ্ধান্ত নিয়েছে।
সীমান্তপারের সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে ভারতের এই জল-কূটনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাকিস্তানের উদ্দেশ্যে প্রতিরক্ষামন্ত্রীর সাফ কথা, “যাঁদের হাত সাধারণ মানুষের রক্তে ও সন্ত্রাসে রঞ্জিত, তাঁরা ভারতের জল পাওয়ার আশা কোনোভাবেই করতে পারে না।” ভারতের এই অনমনীয় মনোভাবের পর আন্তর্জাতিক স্তরেও যে নতুন করে চাপ বাড়ল ইসলামাবাদের ওপর, তা বলাই বাহুল্য।
