ফের প্রশ্নের মুখে ম্যাগির গুণমান! ক্ষতিকর পদার্থের অভিযোগে তুমুল শোরগোল, মুখ খুলল নেসলে – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: আট থেকে আশি, সবার পছন্দের ‘ম্যাগি’ নুডলস নিয়ে ফের একবার বড়সড় বিতর্ক দানা বাঁধল। জনপ্রিয় এই নুডলসে ক্ষতিকর ও অনিরাপদ উপাদান রয়েছে বলে সম্প্রতি গুরুতর অভিযোগ উঠেছে। আর এই খবর জানাজানি হতেই গ্রাহকদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে বিতর্কের মুখে পড়ে আর চুপ থাকেনি ম্যাগি প্রস্তুতকারক সংস্থা ‘নেসলে’। স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে সমস্ত অভিযোগ সটান খারিজ করে দিয়েছে তারা। নেসলের পক্ষ থেকে গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয়েছে, ম্যাগি নুডলস সম্পূর্ণ নিরাপদ এবং সবরকম সরকারি মানদণ্ড বজায় রেখেই এটি তৈরি করা হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, ম্যাগির যে নির্দিষ্ট ব্যাচের পণ্যটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটির সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই সরকারি অনুমোদিত গবেষণাগারে (ল্যাবরেটরি) পাঠানো হয়েছিল। পরীক্ষার পর সেখানে কোনো ক্ষতিকর উপাদান মেলেনি। পণ্যের গুণমান ও সুরক্ষায় তারা কোনো আপস করে না বলেও দাবি করেছে নেসলে। তবে ম্যাগির মতো জনপ্রিয় ব্র্যন্ডের দিকে ফের অভিযোগের আঙুল ওঠায় সাধারণ মানুষের উদ্বেগ এখনই পুরোপুরি কমছে না।
