দিশা পাটানির সঙ্গে সমকামী সম্পর্ক? বিচ্ছেদের পর অবশেষে মুখ খুললেন মৌনী রায় – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বই: স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই টলিপাড়ার পাশাপাশি বলিউডেও তুমুল চর্চায় রয়েছেন অভিনেত্রী মৌনী রায়। বিশেষ করে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তাঁর অতিরিক্ত মাখামাখি এবং ঘনিষ্ঠতা নিয়ে নেটপাড়ায় গুঞ্জন থামছেই না। একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট— সবকিছু মিলিয়ে তাঁদের মধ্যে সমকামী সম্পর্ক রয়েছে বলে রটে গিয়েছিল বলিপাড়ার কান পাতলেই। অবশেষে সেই ‘সমকামিতার’ গুঞ্জন নিয়ে মৌনতা ভাঙলেন ৪০ বছর বয়সী এই বাঙালি অভিনেত্রী।
সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে মৌনীকে প্রশ্ন করা হয়েছিল, বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব বা রটনা কোনটি? কোনো রাখঢাক না করেই অভিনেত্রী সটান উত্তর দেন, “ওহ, যে আমি সমকামী!” অর্থাৎ, দিশার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিলেন মৌনী।
বিচ্ছেদের কঠিন সময়ে পাশে বান্ধবীরাই:
২০২২ সালে সুরজ নাম্বিয়ারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মৌনী। তবে ২০২৬-এর শুরুতে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও বিচ্ছেদ নিয়ে তাঁরা প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। সুরজের সঙ্গে আলাদা হওয়ার পর এই কঠিন সময়ে নিজের বান্ধবীদের অবদানের কথা উল্লেখ করে মৌনী বলেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমার ভালো-মন্দ এবং দুঃসময়ে আমার বান্ধবীরা পাথরের মতো পাশে দাঁড়িয়েছে। জীবনে এমন নারী থাকা খুব জরুরি, যারা সবসময় উৎসাহিত করে।”
দিশার জন্মদিনে মৌনীর আবেগঘন পোস্ট:
সমকামী সম্পর্কের গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দিশা পাটানির জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন মৌনী। দিশাকে ‘ডি’ সম্বোধন করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন আমার ডি। তুমি সেই বিরল মানুষদের একজন, যারা যেখানেই যায় সেখানেই জাদু ছড়িয়ে দেয়। জীবন যেন তোমাকে সবচেয়ে সুন্দরভাবে চমকে দেয়…”। মৌনীর এই মন্তব্যের পর দিশার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলা জল্পনায় আপাতত ইতি পড়ল বলেই মনে করছে সিনেমা মহল।
