সুরুচি সংঘে ডেকে অশালীন ইঙ্গিত, ৮০ লাখ দাবি! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নতুন অভিযোগ – এবেলা

সুরুচি সংঘে ডেকে অশালীন ইঙ্গিত, ৮০ লাখ দাবি! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নতুন অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: টলিপাড়ায় দাপটের পর এবার মারাত্মক আর্থিক কেলেঙ্কারি ও হেনস্থার অভিযোগের তির স্বরূপ বিশ্বাসের দিকে। নিউ আলিপুরের রাস্তায় দোকান করার ছাড়পত্র দেওয়ার নামে এক মহিলার থেকে নগদ ৮০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওই মহিলাকে ক্লাবে একা ডেকে অশালীন ইঙ্গিত করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে স্বরূপের বিরুদ্ধে। এই ঘটনায় নিউ আলিপুর থানায় একটি নতুন লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা।

অভিযোগকারিনী জানিয়েছেন, নিউ আলিপুর এলাকায় একটি দোকান করার অনুমতি চেয়ে তিনি প্রথমে স্বরূপ বিশ্বাসের স্ত্রী তথা স্থানীয় কাউন্সিলর জুঁই বিশ্বাসের দ্বারস্থ হয়েছিলেন। কাউন্সিলর জুঁই বিশ্বাসই তাঁকে সমস্ত বিষয়ে কথা বলার জন্য স্বামী স্বরূপের কাছে পাঠান।

মহিলার দাবি, এরপর স্বরূপ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি দোকান পাইয়ে দেওয়ার নাম করে এক ধাক্কায় ৮০ লক্ষ টাকা দাবি বসেন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আলোচনার জন্য ওই মহিলাকে সুরুচি সংঘের ক্লাবে একা দেখা করার নিদান দেন স্বরূপ। সেখানে দেখা করতে গেলে স্বরূপ বিশ্বাস তাঁকে কুপ্রস্তাব দেন এবং অত্যন্ত অশালীন ইঙ্গিত করেন বলে থানায় স্পষ্ট জানিয়েছেন ওই মহিলা।

সম্প্রতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের মাঝেই এই নতুন এফআইআর (FIR) রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনায় কাউন্সিলর জুঁই বিশ্বাসের ভূমিকা নিয়েও এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে নিউ আলিপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *