কলকাতায় আরবাজ খানের নিরাপত্তা বলয় চূর্ণ! চলন্ত গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল অচেনা ব্যক্তি – এবেলা

কলকাতায় আরবাজ খানের নিরাপত্তা বলয় চূর্ণ! চলন্ত গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল অচেনা ব্যক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: খোদ তিলোত্তমায় বলিউড অভিনেতা তথা প্রযোজক আরবাজ খানের নিরাপত্তা নিয়ে উঠল মস্ত বড় প্রশ্নচিহ্ন। কড়া নিরাপত্তার বেষ্টনী ভেঙে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুট করে ঢুকে পড়ল অভিনেতার গাড়ির ভেতরে। আর এই অপ্রত্যাশিত ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সালমান খানের ভাই আরবাজ খান। অনুষ্ঠান শেষ করে যখন তিনি বাউন্সার ও নিরাপত্তারক্ষীদের পরিবেষ্টিত হয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই ঘটে এই নজিরবিহীন কাণ্ড।

চোখের পলকে গাড়ির ভিতরে অনুপ্রবেশ!

ইনস্টাগ্রাম ও রেডিটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আরবাজ খান গাড়ির দরজার কাছে পৌঁছানো মাত্রই ভিড়ের মধ্য থেকে এক অচেনা ব্যক্তি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সে সোজা গাড়ির দরজা খুলে ভিতরে গিয়ে বসে পড়ে। পুরো ঘটনাটি এত কম সময়ে ঘটে যে কয়েক সেকেন্ডের জন্য আরবাজ খান নিজে এবং উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। অভিনেতার চোখে-মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ দেখা যায়।

অবশ্য পরিস্থিতি বুঝতে পেরেই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন আরবাজের ব্যক্তিগত বাউন্সাররা। তাঁরা ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বাইরে বের করে আনেন। গাড়ি থেকে বের করার পর ওই ব্যক্তি উল্টে নিরাপত্তারক্ষীদের সঙ্গেই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কৌতূহলী জনতার মধ্য থেকে কাউকে কাউকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ওকে মেরে ফেলো!’ পরবর্তীতে বাউন্সাররা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

তারকাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

এই ভিডিও সামনে আসার পর নেটিজেনদের একাংশ তারকাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেরই প্রশ্ন— এত কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বাউন্সার থাকা সত্ত্বেও একজন সাধারণ মানুষ কীভাবে একজন তারকার ব্যক্তিগত গাড়ির ভেতর পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারল?

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে সশুরা খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ। সম্প্রতি তাঁদের কোল আলো করে এসেছে এক কন্যাসন্তানও। ব্যক্তিগত জীবনের এই খুশির আবহের মাঝেই কলকাতায় আরবাজের সঙ্গে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনাটি সেলেব্রিটিদের ‘সিকিউরিটি ল্যাপস’ বা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁকফোকরকেই যেন আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *