মৌড়িগ্রাম স্টেশনে হাড়হিম করা হত্যাকাণ্ড! প্ল্যাটফর্মেই কুপিয়ে খুন, ছুরি উঁচিয়ে ছুটল আততায়ী – এবেলা

মৌড়িগ্রাম স্টেশনে হাড়হিম করা হত্যাকাণ্ড! প্ল্যাটফর্মেই কুপিয়ে খুন, ছুরি উঁচিয়ে ছুটল আততায়ী – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়া: ভরদুপুরে খোদ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে শিউরে ওঠার মতো রক্তক্ষয়ী কাণ্ড! যাত্রীদের চোখের সামনে ধারালো ছুরি দিয়ে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পর খুনের পর রক্তাক্ত ছুরি উঁচিয়ে প্ল্যাটফর্ম জুড়েই দৌড়াতে শুরু করে আততায়ী। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের মৌড়িগ্রাম স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়ায়। তবে শেষরক্ষা হয়নি, যাত্রীরাই তাড়া করে ধরে ফেলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।

টেন্ডার নিয়ে বিবাদের জেরেই খুন?

রেল পুলিশ (জিআরপি) ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, স্টেশনের শৌচালয়ের (টয়লেট) টেন্ডার নিয়ে দীর্ঘদিনের কোন্দলের জেরেই এই খুন। জানা গিয়েছে, আগে অভিযুক্ত যুবকই এই শৌচালয়ের টেন্ডার পেত। কিন্তু এবার টেন্ডার পেয়েছিলেন অন্য এক ব্যক্তি। সেই আক্রোশ ও শত্রুতার জেরেই এদিন ভরদুপুরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত।

ছুরি হাতে প্ল্যাটফর্মে তাণ্ডব!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচালয়ের সামনে হঠাৎই ওই ব্যক্তির ওপর চড়াও হয় অভিযুক্ত। এলোপাথাড়ি কোপ মারার পর আক্রান্ত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মে পড়ে গেলে, উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করেন এবং আততায়ীকে ধাওয়া করেন। বেগতিক বুঝে ভয় দেখাতে দেখাতে ছুরি উঁচিয়ে প্ল্যাটফর্ম ধরে দৌড়াতে থাকে সে। কিন্তু স্টেশনে থাকা সাধারণ মানুষ সাহসিকতার পরিচয় দিয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে অস্ত্রসহ ধরে ফেলেন।

নজরদারি নিয়ে ক্ষোভ যাত্রীদের:

এই ঘটনার পর মৌড়িগ্রাম স্টেশনের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, স্টেশনটি এখন কার্যত পার্কের মতো হয়ে গিয়েছে, বহিরাগতদের কোনো হিসাব থাকে না। স্থানীয় বাসিন্দা জগন্নাথ সাহা জানান, “আমাদের এলাকা শান্ত। হঠাৎ এই ঘটনায় সবাই ভয় পেয়ে গিয়েছিল। তবে পাবলিকই ধরে পুলিশের হাতে তুলে দেয়।” ঘটনার তদন্ত শুরু করেছে শালিমার জিআরপি। ধৃত আতায়ীকে জেরা করে আসল সত্যি জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *