জঙ্গি গোষ্ঠীর পছন্দের অ্যাপ, টেলিগ্রামকে নতুন ডার্ক ওয়েব আখ্যা দিয়ে আদালতে বিস্ফোরক কেন্দ্র – এবেলা

জঙ্গি গোষ্ঠীর পছন্দের অ্যাপ, টেলিগ্রামকে নতুন ডার্ক ওয়েব আখ্যা দিয়ে আদালতে বিস্ফোরক কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে ঘিরে গুরুতর অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টে জমা দেওয়া এক হলফনামায় কেন্দ্র জানিয়েছে, টেলিগ্রাম বর্তমানে ‘নতুন ডার্ক ওয়েব’-এ পরিণত হয়েছে। অপরাধমূলক ও নিয়মবিরুদ্ধ যাবতীয় চক্রান্ত করতে দুষ্কৃতীরা এই অ্যাপকে বারবার বেছে নিচ্ছে। সাইবার ক্রাইম, জঙ্গি গোষ্ঠী ও অন্যান্য ক্ষতিকর চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজর এড়াতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। টেলিগ্রামের বেশ কয়েকটি চ্যানেল ও কনটেন্টের বিরুদ্ধে সরকারি পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কেন্দ্র এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

অপরাধের নিরাপদ চারণভূমি

আদালতে জমা দেওয়া হলফনামায় সরকার দাবি করেছে, অতিরিক্ত গোপনীয়তা ও পরিচয় গোপনের সুবিধার কারণে টেলিগ্রাম অপরাধমূলক কার্যকলাপের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিটের মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সাইবার ক্রাইম, সন্ত্রাসবাদী প্রচার, শিশুদের যৌন নির্যাতনমূলক অপরাধ ছড়ানো, মাদক পাচার এবং আর্থিক জালিয়াতির মতো মারাত্মক বেআইনি কাজ চলছে এই অ্যাপের মাধ্যমে। অপরাধীরা দ্রুত এমন সব লিঙ্ক ছড়াচ্ছে, যা ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব ফোরামের সঙ্গে যুক্ত। এর ফলে কর্তৃপক্ষের পক্ষে অপরাধীদের শনাক্ত করা এবং তাদের পরিচয় যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।

তদন্তে বড় প্রতিবন্ধকতা

টেলিগ্রামের গঠনপ্রণালী ও প্রাইভেসি সেটিংস আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা তৈরি করছে। সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টকে জানান, এই অ্যাপের ক্লাউড-ভিত্তিক কাঠামো এবং প্রাইভেসি নীতির কারণে অ্যাকাউন্ট মুছে ফেললে তার সঙ্গে যুক্ত সমস্ত বার্তা, মিডিয়া ও সংরক্ষিত ডেটাও মুছে যায়। ফলে অপরাধের উৎস সন্ধান করা সম্ভব হয় না। এছাড়া ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট তৈরি করে আর্থিক প্রতারণা এবং অবৈধভাবে ‘মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ কেনাবেচার মতো ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে।

বহুমুখী সাইবার নিরাপত্তা ঝুঁকি

কেন্দ্রীয় সরকারের মতে, টেলিগ্রামের ক্ষতিকর বটগুলির মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য ও ফাঁস হওয়া ডেটাবেসের বিবরণ অবৈধভাবে অ্যাক্সেস করা হচ্ছে। কিছু ক্ষতিকর অ্যান্ড্রয়েড অ্যাপ টেলিগ্রামকে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে ব্যবহারকারীদের ডিভাইস সংক্রান্ত তথ্য চুরি করছে। পাশাপাশি ম্যালওয়্যার পরিষেবা এবং আর্থিক অ্যাপের ছদ্মবেশে তৈরি ক্ষতিকর অ্যাপের প্রচারের অভিযোগও আনা হয়েছে। সাইবার অপরাধের পাশাপাশি এই প্ল্যাটফর্মে অবাধে সিনেমা, ওয়েব সিরিজসহ বিভিন্ন কপিরাইটযুক্ত কনটেন্ট পাইরেসি হচ্ছে, যার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মূল নির্মাতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *