সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! বাংলার ৪৫ লক্ষ কৃষকের জন্য বিরাট উপহার মোদীর – এবেলা

এবেলা ডেস্কঃ
হুগলি: বাংলার কৃষকদের জন্য এবার বিরাট সুখবর! আগামী শনিবারই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (PM Kisan)-র টাকা। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবারের এই টাকা হস্তান্তরের মেগা ইভেন্টটি হতে চলেছে এরাজ্যের বুকেই, হুগলি জেলার তারকেশ্বরে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, শনিবার পিএম কিষাণ প্রকল্পের ২৩তম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দফায় দেশজুড়ে ৯ কোটি ৪৪ লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে মোট ১৮,৮৮০ কোটি টাকার বিপুল আর্থিক সহায়তা প্রদান করা হবে।
লাভবান হবেন বাংলার ৪৫ লক্ষেরও বেশি কৃষক: কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এবারের এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৪৫ লক্ষ ৩৫ হাজারেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবেন। সব মিলিয়ে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ৯০৭ কোটি টাকার কিস্তি পৌঁছবে।
শনিবার খোদ তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবেন। লোকসভা নির্বাচনের পর বাংলার কৃষকদের জন্য কেন্দ্রের এই বড় পদক্ষেপ স্বাভাবিকভাবেই বিশেষ নজর কাড়ছে রাজনৈতিক ও কৃষক মহলে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা ঢোকার অপেক্ষায় এখন দিন গুনছেন বঙ্গবাসী।
